দুর্নীতি নিয়ে কথা বলায় সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:১৯
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের দুর্নীতি ও অপকর্ম নিয়ে কথা বলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেয়া হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কোনো সাক্ষী নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সালাহউদ্দিন কাদেরকে মামলায় ফাঁসিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি অবিলম্বে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। দলের কেউ কেউ দাবি করেছে এ ব্যাপারে তাদের কাছে নাকি তথ্য রয়েছে। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা যদি পুনরায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তাহলে তাদের সেই স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না। সিটি নির্বাচনের মত জাতীয় নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার মেনে নেবে না। কিন্তু বাংলাদেশের জনগণ বুকের শেষ রক্তবিন্দু দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে নেবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঈদের পর চট্টগ্রাম থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন তিনি। সভাপতির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, সরকার একের পর এক অত্যাচার করে পার পেয়ে গেছে। কিন্তু জনগণ আর এভাবে মুখ বুজে সব সহ্য করবে না। ইফতার মাহফিলে বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।