ভোক্তা অধিকার লঙ্ঘন আট প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:২০
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ঢাকা মহানগরীতে বাজার অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে বিভিন্ন অপরাধের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, ইফতেখারুল আলম রিজভী ও মো. মাহ্বুব জামান খান ঢাকা মহানগরীর শাহজাদপুর, গুলশান নতুন বাজার, কুড়িল ও ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করেন। স্থানীয় পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ এ অভিযানে সহায়তা প্রদান করে। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি করার অপরাধে কুড়িল বিশ্বরোড এলাকায় কস্তুরি কিচেনকে ৪০ হাজার টাকা, ম্যাগপাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, গুলশান নতুন বাজারের মা-বাবার দোয়া রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও ভাই ভাই বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় মোড়কজাত পণ্য বিক্রি করার অপরাধে শাহজাদপুর বাজারে তন্ময় স্টোরকে ৭ হাজার টাকা, মিম জেনারেল স্টোরকে ৭ হাজার টাকা ও গুলশান নতুন বাজারে রাজভোগ সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অধিকমূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে গুলশান নতুন বাজারে জাহাঙ্গীর মার্কেটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।