বাংলাদেশের সঙ্গে তিস্তা এবং স্থল সীমান্ত চুক্তি ইস্যুতে সিপিএমসহ ৪ বাম দলকে পাশে পাছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। তাই স্থল সীমান্ত চুক্তি করতে যে বিল লোকসভায় আসছে তাতে ৪ বাম দল সমর্থন করবে। তিস্তা ইসুতেও তাদের সমর্থন থাকবে। পাশাপাশি প্রকাশ কারাত বলেছেন, অন্য দলগুলো কেন প্রতিবেশী দেশের সমস্যা বুঝে না, জানি না।
উল্লেখ্য, ৫৪৫ আসন বিশিষ্ট লোকসভায় এই মুহূর্তে সদস্য সংখ্যা ৫৪২ জন। স্থল সীমান্ত চুক্তি ইস্যুতে বিল পাস করাতে ইউপিএ সরকারের ৩৬২ জনের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের রয়েছে ২০৪ জন এমপি। দুই জন মনোনীত এমপির সমর্থনও তারা পাবে। এর সঙ্গে ৪ বাম দলের ২৪ জন এমপির সমর্থন যোগ হলো। অর্থাত্ এই ইস্যুতে ২৩০ জন এমপির সমর্থন রয়েছে।
এর পাশাপাশি উত্তর প্রদেশের মুলায়াম সিংহ যাদবের সমাজবাদী পার্টির ২২ জন, তামিলনাড়ুর জয়ললিতার ডিএমকে-এর ১৮, কেরালা কংগ্রেসের (মনি) ১ জন, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের ১ জন, লালু প্রাসাদ জাদভের রাষ্ট্রীয় জনতা দলের ৪ জন এমপির সমর্থনও তারা পেতে পারে। সঙ্গে আসতে পারে উত্তর প্রদেশেরই আরেক দল বহুজন সমাজবাদী পার্টির ২১ জন এমপির সমর্থন। জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার এমপিও তাদের পক্ষে থাকবে। সব মিলিয়ে ইউপিএ সরকারের হাতে থাকছে ৩০২ জন এমপির সমর্থন। আসন্ন বাজেট অধিবেশনে বাকি ৬০ জনের সমর্থনের খোঁজ করছে কংগ্রেস। বিরোধী দল বিজেপি সমর্থন করলে এটা সহজেই হতে পারে। তাদের হাতে রয়েছে ১১৭ জন এমপি। অন্য দলগুলোকে কাছে পাবার চেষ্টা করবে কংগ্রেস।
