কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন ৪ আগস্ট

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:২২
রাজধানীর কুড়িল ফ্লাইওভার আগামী ৪ আগস্ট উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান। গতকাল শনিবার সকালে তিনি সাংবাদিকদের এই কথা জানান। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারের উদ্বোধন করবেন। তিনি বলেন, ২০১০ সালের জুনে কুড়িল-বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয়। ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের প্রকল্পে ২৫৪ কোটি টাকা ব্যয় ধরা হয়। পরে তা ৩০৬ কোটি টাকায় বৃদ্ধি পায়। বহুল প্রতীক্ষিত ফ্লাইওভারটি একই সঙ্গে এয়ারপোর্ট রোড, প্রগতি সরণি এবং পূর্বাচল নতুন সড়কে যুক্ত করবে। ফ্লাইওভারের নিচ দিয়েও যানবাহন চলাচল করতে পারবে।