দৈনিক ইত্তেফাকের নান্দাইল উপজেলা সংবাদদাতা মো. শাহ আলম ভুঁইয়ার ওপর হামলা চালিয়ে তার ডান হাত ভেঙে দিয়েছে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাজিম উল্লাহ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে আওয়ামী লীগ নেতা মো. নাজিম উল্লাহ সশস্ত্র অবস্থায় এসে হঠাত্ মো. শাহ আলম ভুঁইয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন। ওই নেতার হাতে থাকা লোহার রড দিয়ে মো. শাহ আলম ভুঁইয়াকে বেধড়ক মারধর করেন। এ সময় শাহ আলম ভুঁইয়া তার মালিকানাধীন প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। পরে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক তাজুল ইসলাম খান বলেন, শাহ আলম ভুঁইয়ার শরীরে আঘাতের চি?হ্ন রয়েছে। এক্স-রে করলে জানা যাবে ডান হাতটির কতটুকু ক্ষতি হয়েছে। শাহ আলম ভুঁইয়া জানান, ক্ষমতাধর নেতাদের আয়োজন করা জুয়ার আসর নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে নেতারা ক্ষিপ্ত হন। আওয়ামী লীগ নেতা নাজিম উল্লাহ মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার হাত-পা কেটে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেন। এ হুমকির ঘটনার পর তিনি শুক্রবার সন্ধ্যায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
