নৈশকোচের চালককে হত্যা

কুমিল্লায় দুই ডাকাত গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩০
ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের ফেনীর দাউদপুর এলাকায় সৌদিয়া পরিবহনের নৈশকোচে গুলি করে চালক আবু তাহেরকে হত্যা ও ডাকাতির ঘটনায় কুমিল্লা ডিবি পুলিশ শুক্রবার গভীর রাতে শাহীন ও আতিক নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের ডাকাতির কাজে ব্যবহূত ও ছিনতাইকৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ফেনীর দাগভুঁইয়া এলাকা থেকে ছিনতাইকৃত একটি পিকআপ ভ্যান দিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ফেনীর দাউদপুর সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী ওই নৈশ কোচটিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি চালিয়ে চালককে হত্যা করে পালিয়ে যায়। কুমিল্লা ডিবি পুলিশের এসআই সোহেল, এএসআই জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দুটি টিম কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় একাধিক অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে মিরশ্বানী-নালঘর সড়কের আলীনূর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকা থেকে ডাকাত শাহীন ও আতিককে তাদের ব্যবহূত ওই পিকআপ ভ্যানটিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া ও লালবাগ গ্রামে। এদিকে ডিবি পুলিশের অপর একটি টিম শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা থেকে অবৈধ কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করে এবং সেলিম নামে একজনকে গ্রেফতার করে।