হাইকোর্টের নির্দেশনার পরও অবরুদ্ধ জাবির প্রশাসনিক ভবন

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩১
লিখিত আদেশ না পাওয়ায় হাইকোর্ট নির্দেশনার পরেও অবরুদ্ধ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘ একমাসের বেশি সময় ধরে আন্দোলন করছে শিক্ষক সমিতি। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং এক শিক্ষার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার জন্য ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরকে নির্দেশ দেন। তবে হাইকোর্টের লিখিত আদেশ না পাওয়ায় এখনো কোন উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, হাইকোর্টের লিখিত আদেশপত্র হাতে পেলেই প্রশাসনিক কার্যক্রম সচল করার উদ্যোগ নেয়া হবে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার জানান, রায়ের কপি পেলে হাইকোর্টের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।