নটর ডেম কলেজের ছাত্র হত্যা

প্রেমিকাসহ গ্রেফতার ৪

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:৪০
নটরডেম কলেজের ছাত্র রাকিবুল ইসলাম অলয় (১৭) হত্যকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার সকালে চারজনকে গ্রেফতার করেছে। অলয়ের বাবা নজরুল ইসলাম গত শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে এর প্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, অলয়ের প্রেমিকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ী শাখার ছাত্রী তানিয়া, তার বন্ধু একই কলেজের ছাত্র হূদয়, তানিয়ার স্কুল বন্ধু সাজ্জাদ ওরফে সায়েম ও অলয়ের সহপাঠী লক্ষণ কর্মকার। এছাড়া আসামি পলাশকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, নজরুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, তার ছেলেকে প্রেমঘটিত বিষয়ে প্রেমিকা তানিয়া ও তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। আসামি পলাশকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি আব্দুল মতিন আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রসঙ্গত, শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হওয়ার দু’দিন পর শীতলক্ষ্যা নদী থেকে নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম অলয়ের লাশ উদ্ধার করা হয়।