বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:০৯
উপজেলার রাজাপুর বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তমা (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে গতকাল রবিবার উপজেলার রাজাপুর বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এলাকাবাসী জানায়, গতকাল সকালে ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের তমা বাবা-মায়ের সঙ্গে নানা বাড়ি যাচ্ছিল। রাজাপুর বাজারে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে এবং রাজাপুর বাজারে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা পিন্টু খানের নেতৃত্বে শতাধিক মানুষ পাবনা-নাটোর মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে এবং কাঠের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।