ফুটবল দল থাইল্যান্ডে

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৫
থাইল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল রবিবার দুপুরেই ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার দল থাইল্যাল্ডে পৌঁছায়। গত নভেম্বরেও বাংলাদেশ ফুটবল দল থাইল্যান্ডে গিয়েছিল। সেবার বাংলাদেশ থাইল্যান্ডের কাছে ৫-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচটি ছিল কুয়ালালামপুরে, মালয়েশিয়ার সাথে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। সেই যাত্রার সাথে এবারেরটির একটা পার্থক্য আছে। এবার থাইল্যান্ড সফরে বিদেশি কোচ আর দলে রয়েছে সিনিয়রদের সাথে কিছু তরুণ ফুটবলার। এটা কোনো প্রীতি ম্যাচ নয়। কারণ বাংলাদেশ সাফের প্রস্তুতি নিচ্ছে। ১-১১ সেপ্টেম্বর নেপালে অষ্টম সাফের আসর বসছে। বাংলাদেশের লক্ষ্য সাফে চাম্পিয়ন হওয়া। সাফে বাংলাদেশ কতটা ভালো করবে তার জন্যই প্রস্তুতিতে অনেক দৌড়ঝাঁপ চলছে। প্রস্তুতিরই একটা অংশ থাইল্যান্ড ফুটবল দলের সাথে ম্যাচ। দুটি ম্যাচের কথা রয়েছে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যেকোনো মুহূর্তে হয়ে যাবে। ডাচ কোচ ক্রুইফ অবশ্য তারিখ নিয়ে ভাবছেন না। তার কথা হচ্ছে থাইল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে সেটাই দেখার বিষয়। মাসখানেক অনুশীলন হয়েছে জাতীয় ফুটবল দলের। এখন দেখা দরকার কতটা উন্নতি হয়েছে। থাইল্যান্ডের বিরুদ্ধেই সেই পরীক্ষাটা হয়ে যাবে। এ ছাড়াও ঢাকায় আসবে পাকিস্তান। ১৩ ও ১৬ আগস্ট ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দুটিও সাফের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ।