বিশ্বকাপের আগে বিপিএল নয়

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৫
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় আরও অনেক কিছুর সঙ্গে চূড়ান্ত হতে পারে ২০১৩-১৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে অন্তত বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনা নেই। তবে বিশ্বকাপের আগেই দেশের দুটি প্রথম শ্রেণীর টুর্নামেন্ট—জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ আয়োজন করে ফেলতে চায় লিগ কমিটি। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সঙ্গে বৈঠক শেষে লিগ কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এমনটাই বললেন। আগামী বছরটা একটার পর একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট ও সিরিজ হবে বাংলাদেশে। অক্টোবরে আসছে নিউজিল্যান্ড। জানুয়ারিতে আসছে শ্রীলঙ্কা। ফেব্রুয়ারির শেষে ঢাকায় আবার এশিয়া কাপ হওয়ার কথা। আর ১৬ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে বিপিএলের তৃতীয় আসরটা আয়োজনের সম্ভাবনা দেখছেন না দুর্জয়, ‘বিশ্বকাপের আগে বিপিএল আয়োজনের কোনো সম্ভাবনা নেই। আইসিসি বিশ্বকাপের আগে আমাদের আরও যতো ঘরোয়া ক্রিকেট খেলতে হবে এবং আন্তর্জাতিক সিরিজ আছে; তাতে এটা সম্ভব না। যদিও আমরা এখনও ক্যালেন্ডারটা চূড়ান্ত করিনি। তবে আগামীকাল (আজ) বোর্ড সভার আগে সেটা তৈরি করে ফেলবো। আমরা এরই মধ্যে অনেক সময় নষ্ট করে ফেলেছি। তারপরও আমাদের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে দুটি লংগার ভার্সন টুর্নামেন্টের কথাই আগে মাথায় রাখতে হবে আমাদের।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক দুর্জয় এখন একই সঙ্গে দুটি ভূমিকা সামলাচ্ছেন। একাধারে তিনি বোর্ড পরিচালক, অন্যদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি। ফলে ক্রিকেটারদের মূল দাবি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অবশ্যই চিন্তা করতে হচ্ছে তাকে। তবে দুর্জয়ও নিশ্চিত করে বলতে পারছেন না যে, প্রিমিয়ার লিগ বোর্ডের প্রতিশ্রুতিমতো সেপ্টেম্বরের শুরুতে হবে কি না, ‘ঢাকা লিগটা শুধু তো বোর্ডের হাতে নেই। ক্লাবগুলোর সিদ্ধান্তও এখানে গুরুত্বপূর্ণ। অবশ্যই এখনও কিছু শঙ্কা আছে। আসলে দলবদল নিয়ে সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে।’ তবে প্রিমিয়ার লিগের পরিণতি যাই হোক, দুর্জয় চান বিশ্বকাপের আগে দুটো প্রথম শ্রেণীর টুর্নামেন্ট শেষ করে ফেলতে। প্রিমিয়ার লিগকে মাথায় নিয়েই একটা প্রেসক্রিপশন দিলেন বাংলাদেশের প্রথম এই টেস্ট অধিনায়ক, ‘সেপ্টেম্বরে শুরু হলে নিউজিল্যান্ড চলে যাওয়ার পর ঢাকা লিগের বাকিটা হবে। তারপর নভেম্বরে জাতীয় লিগ করতে চাই। জাতীয় লিগ শেষ হলেই বাংলাদেশ ক্রিকেট লিগ হবে।’