জিয়ানগরে বর্ষণ ও জোয়ারের পানিতে দশ গ্রাম প্লাবিত

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৬
প্রবল বর্ষণ ও অতিরিক্ত জোয়ারের পানিতে জিয়ানগর উপজেলার দশ গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার রাত থেকে প্রবল বর্ষণের পাশাপাশি জোয়ারের পানিতে জলাবদ্ধতার কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। এ বিষয়ে পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন জানান, ইউনিয়নের কালাইয়া, ঘোষেরহাট, দক্ষিণ ইন্দুরকানী, ইন্দুরকানী, চাড়াখালী, সেউতিবাড়িয়ায় জলাবদ্ধতার কারণে অনেক বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। অনেক স্থানে রাস্তাও ভেঙ্গে গেছে। এছাড়া বালিপাড়ার সাউদখালী, ঢেপসাবুনিয়া, খোলপটুয়া, চর বলেশ্বর ও কলারনে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসগুলোতে অন্যান্য দিনের তুলনায় লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে কর্মজীবী খেটে খাওয়া সাধারণ মানুষের সংসারে নেমে এসেছে দুর্ভোগ। স্থানীয় পত্রিকা বিক্রেতা রুহুল আমিন জানান, দৈনিক প্রায় দুইশ পত্রিকা বিক্রি হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে লোকজনের চলাচল খুব কম। প্রায় দেড়শ পত্রিকা বিক্রি হয়নি। অপর দিকে চাড়াখালী গুচ্ছগ্রামের দিনমজুর বাবুল জানান, ‘হারাদিন দেওই আর চাইরো কূলে পানি আর পানি। ঘর দিয়া বাইরে নামতে পারি না। পোলা মাইয়া লইয়া কি খামু কইতে পারি না।’ প্রবল বর্ষণ ও জোয়ারের পানির প্রচণ্ড চাপে নদী ভাঙ্গনের মাত্রা তীব্র হারে বেড়ে চলেছে।