জামায়াতে ইসলামী আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতের ভাষায় সরকারের নানামুখী ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। তবে কোন সময় এবং কোন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে সে সম্পর্কে জামায়াত কিছুই বলেনি। গতকাল রবিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, সরকার চাইছে ঈদের পূর্বেই কোন না কোন মামলার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতে হবে। আর সরকারের ইচ্ছা বাস্তবায়ন করতে আবদুল কাদের মোল্লার মামলায় রায় অবশ্যই ঈদের আগে ঘোষাণা করতে হবে। রায় কার্যকরের ঘোষণা দিয়ে মূলত: আদালতকে ঈদের পূর্বেই ফাঁসির রায় দেয়ার কথাই বুঝানো হয়েছে। বিবৃতিতে তিনি সরকারের সকল জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেফতার, গণহত্যা ও ঘোষিত ফাঁসির রায় কার্যকর করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
