ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, মুসলমানদের অনৈক্যের পিছনে একটি চক্র কাজ করছে। ইসলাম, মানবতা ও দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পুরানা পল্টন আইএবি মিলনায়তনে গতকাল রবিবার ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও সুধীবৃন্দের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপে ইসলাম বিদ্বেষী মনোভাব যেভাবে উলঙ্গভাবে ফুটে উঠেছে তাতে ইসলাম ও ইসলামের ধারক-বাহকদের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে শংকিত না হয়ে পারা যায় না। তিনি আরো বলেন, সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেয়া, কোরআন বিরোধী ধারা সম্বলিত নারীনীতি প্রণয়ন, নাস্তিক-মুরতাদদের ইসলামের বিপক্ষে উস্কে দেয়ার মাধ্যমে সরকার মুসলমানদের হূদয়ে আঘাত দিয়েছে। এ অবস্থায় মুসলমানদের আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরার কোন বিকল্প নেই। রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয়, একমাত্র ইসলামকে প্রাধান্য দিয়ে ঐক্য গড়ে উঠলে তা হবে ইসলাম ও দেশের জন্য মঙ্গলজনক। অন্য কোন ঐক্য প্রক্রিয়ায় দেশ ও ইসলামের কোন উপকার হবে না। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, জামিয়া কারীমিয়া রামপুরার শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন, দি নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ প্রমুখ।