পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৮
পটুয়াখালীসহ সমগ্র উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতকাল রবিবার সকাল থেকে চলছে টানা ভারি বর্ষণ। ভোরে গুমোট আবহাওয়ার পর সকালে প্রবল বর্ষণ শুরু হয়ে তা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে অনেক রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই ভারি বর্ষণ হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। খেপুপাড়া রাডার স্টেশনসূত্র জানায়, সাগরে লঘুচাপের প্রভাবে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়ে তা সকালে উপকূলের দিকে এগিয়ে এসে ভারি বর্ষণ শুরু হয়। সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত বিরাজ করছে। এই ভারি বর্ষণ আরো দু’একদিন অব্যাহত থাকতে পারে। এদিকে একটানা প্রবল বর্ষণে গলাচিপা, দশমিনা ও কলাপাড়ার বেড়িবাঁধের অভ্যন্তরে বিস্তীর্ণ এলাকার রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। গভীর সাগরে মাছধরা জেলে নৌকা ও ট্রলার উপকূলে ফিরে এসে নিরাপদে আশ্রয় নিচ্ছে।