ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৪০
ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ইমামুল হকসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন হয়। দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাদের চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। চার্জশিটে যাদের নাম থাকছে তারা হলেন ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের সাবেক এ ডিএমডি ইমামুল হক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (চাকরিচ্যুত) শাহ মো. হারুন ও সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সাবেক এভিপি মো. ফজলুর রহমান, সাবেক ইও মো. তারিকুল আলম, সাবেক এসইভিপি মাহমুদ হোসেন, সাবেক ইভিপি কামরুল ইসলাম। দুদক সূত্র জানিয়েছে, দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল থানায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা (নং-৮৮) দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ব্যাংকের দায়িত্বপালনকালে বেনামি ও ভুয়া প্রতিষ্ঠান মেসার্স তানভীর এজেন্সির নামে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে পরস্পরের যোগসাজশে ব্যাংকের এক কোটি ৮ লাখ ৬৬ হাজার ৪৪৩ টাকা আত্মসাত্ করেন। পরবর্তীতে এই মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম। তিনি এই মামলার চার্জশিট দাখিলের জন্য কমিশনের বৈঠকে উপস্থাপন করেন। গতকাল রবিবার কমিশনের নিয়মিত সভায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।