শিকারীদের হাত থেকে রক্ষায় মোহাম্মদ আলী মাক্কু মিয়া নামে এক ব্যক্তি সিলেটের জৈন্তাপুরে ১৫ কেজি ওজনের একটি গুই সাপ ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন। ১৫ কেজি ওজনের এই গুই সাপটি বনবিভাগের খাদিম সংরক্ষিত বনে গত শনিবার অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৌরী শঙ্কর গ্রামের মেহাজীর কলোনীর বাসিন্দা মোহাম্মদ আলী মাক্কু মিয়া বিরল প্রজাতির ১৫কেজি ওজনের এই গুই সাপটি দেখতে পান। তিনি গুই সাপটি আটক করে স্থানীয় এক সংবাদকর্মীকে খবর দেন। গুই সাপ আটকের সংবাদ পেয়ে উত্তর সিলেট রেঞ্জ-২, জাফলং বনবিভাগের কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সহযোগিতা চাওয়া হয়। জাফলং বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২০ সদস্যের উদ্ধারকারী দল নিয়ে রাত সাড়ে ৯ টায় মাক্কু মিয়ার বাড়িতে পৌঁছেন। এসময় মোহাম্মদ আলী মাক্কু মিয়া তাদের কাছে হস্তান্তর করেন সাপটি। মাক্কু মিয়া জানান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দলছুট হয়ে আসা অনেক বন্যপ্রাণী শিকারীদের হাত থেকে রক্ষা করেছেন। তিনি বলেন, শিকারীর হাত থেকে বন্যপ্রাণী রক্ষা করা আমাদের দায়িত্ব। জাফলং বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বন্যপ্রাণী রক্ষায় মাক্কু মিয়ার ভূমিকা অসাধারণ। তিনি এর আগে সরাইল হাঁসের পরিত্যক্ত ডিম থেকে ৮টি বাচ্চা ফুটিয়ে বড় করে এগুলো স্থানীয় সাংবাদিকদের নিয়ে খোলা আকাশে অবমুক্ত করেছেন।
