শিক্ষকদের উপর হামলার বিচার ও অবৈধভাবে অস্থায়ী নিয়োগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত রবিবার শিক্ষক সমিতি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবি বাস্তবায়ন না হলে ভিসির পদত্যাগ দাবিসহ বড় ধরনের আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোছাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা ৮টি দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। দাবিগুলো হলো: অবিলম্বে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত ও ক্যাম্পাসের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, গত বছরের ১৯ নভেম্বর ও চলতি বছরের ১২ জানুয়ারি শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার সুষুম তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, শিক্ষক স্থায়ীকরণের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ নিয়মবহির্ভূত অস্থায়ী নিয়োগ বন্ধ, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, স্ট্যাটিউটস্ ও অর্ডিন্যান্স বহির্ভূত কোনো সিদ্ধান্ত না মানা, সম্প্রতি উপাচার্যের বাসভবনে বোমা হামলাসহ ক্যাম্পাসে ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনার সুষুম তদন্ত পূর্বক দায়ীদের শাস্তি প্রদান, খুব দ্রুত একাডেমিক কাউন্সিল, বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সভা আহবান করার পর সিন্ডিকেট সভা আহ্বান, আইনী নিষেধাজ্ঞা অমান্য এডহক নিয়োগ না দেয়া, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত জনবলকে অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের মাধ্যমে সমন্বয় সাধন এবং অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি পূরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক ড. আবুল কালাম পাটোয়ারী প্রমুখ।
