সাভারের এক স্কুল ছাত্রীকে অপহরণের ৬ দিনের মাথায় বরিশাল থেকে উদ্ধার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবি আক্তার দিপা (২৫) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে বরিশালের গৌরনদীস্থ শাকুকাঠি গ্রামের একটি বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপহূত স্কুল ছাত্রী (৬) বাড়ি সাভারের দেওগাঁ গ্রামে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। মেয়েটির মা জানান, গত ২১ জুলাই রাজধানীর মিরপুরে নিজ কর্মস্থলের সামনে দিপার সাথে তার পরিচয় হয়। এসময় সে নিজেকে অসহায় হিসেবে পরিচয় দিলে তিনি তাকে নিজ বাসা সাভারে এনে আশ্রয় দেন। ২৩ জুলাই তার মেয়েকে নিয়ে উধাও হয়ে যায় দিপা।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, এঘটনায় অপহূতার মা বাদী হয়ে ঐদিন রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
