ভোলার বোরহানউদ্দিন উপজেলা আবাসিক প্রকৌশলীর (ওজোপাডিকো) কর্মকর্তা-কর্মচারীরা কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছে। তাদের বাসভবনগুলোর অবস্থা আরও নাজুক। সূত্র জানায়, উপজেলা আবাসিক প্রকৌশলীর (ওজোপাডিকো) কার্যালয় ১৯৯১ সালে নির্মিত হওয়ার পর থেকে ভবনে কোন ধরনের মেরামত বা চুনকাম হয়নি। ভবনের ছাদগুলোর পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই চুইয়ে পানি পড়ে অফিসিয়াল কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া ছাদে ও দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনগুলোর অবস্থা আরো নাজুক। সামান্য বৃষ্টি হলেই পানিতে বাসা তলিয়ে যায়। কিন্তু বাসভবনের নির্ধারিত বাড়ি ভাড়া ঠিকই কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা আবাসিক প্রকৌশলী ফিরোজ সন্যামত জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়নি।
