প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পর এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বললেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। তিনি বলেন, আমার কাছে কোনো তথ্য নেই। তবে বলতে পারি, আগামী দিনে নির্বাচন হবেই। একজন রাজনীতিবিদ হিসেবে গন্ধ পাচ্ছি, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাবে। গতকাল রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে আওয়ামী লীগের উপ-প্রচার কমিটি আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচনে আমরা সবার অংশগ্রহণ চাই। এখন যে যাই বলুক, আশা করি সবাই নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের ধারাবাহিকতায় একটি অনির্বাচিত সরকার আসতে পারে না। সেনাবাহিনী বা অনির্বাচিত সরকার কখনও গণতান্ত্রিক সরকারের বিকল্প হতে পারে না। আওয়ামী লীগ সম্পাদক বলেন, আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগকে জয়ী করতে রোজার ঈদের পর দলের পক্ষ থেকে জোরদার কর্মসূচি নেয়া হবে, আরও জোরালোভাবে আমরা মাঠে নামবো।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম, বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংবাদিক শফিকুল ইসলাম ও সোহরাব হোসেন, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার প্রমুখ।
