বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জরিপের তথ্য আছে যে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে-দলটির পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে কেবল তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করতে। কিন্তু এতে তাদের হারানো উদ্যম ফিরে আসবে না। মিডিয়ার জরিপের ও সরকারের জরিপের মধ্যে কোনো মিল নেই।’
পুলিশের গুলিতে গুরুতর আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী সিরাজুল ইসলামকে দেখতে গতকাল সোমবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল একথা বলেন। গত ২৫ জুলাই তারেক রহমানকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের ‘কটূক্তিমূলক’ বক্তব্যের প্রতিবাদে মিছিল করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সিরাজ।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগই ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসাবে বিএনপিকে বাইরে রেখে একদলীয় নির্বাচন করতে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করছে। আগামী দিনে বিএনপির নতুন ধারার সরকার গঠন নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দুর্নীতি করে না, বরং আওয়ামী লীগ দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। তিনি বলেন, বিএনপি আগামী দিনে দুর্নীতিমুক্ত, সুশাসন, মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন ধারার সরকার গঠন করবে।
