ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর জন্মের খবর দিলেন কলকাতার বস্তির ছেলে বদর আজিম। রাণীর প্রেস সচিব অ্যালিসা অ্যান্ডারসন বাকিংহাম রাজপ্রাসাদের কার্যালয়ে প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইসের জন্মের খবর ঘোষণা করার সময় বদর আজিমও এতে অংশ নেন। খবর আইবিএন’র।
উজ্জ্বল লাল রঙ্গের পোশাক পরে রাজপ্রাসাদে ফুটম্যানের কাজ করেন বদর। তার জন্ম কলকাতার বস্তিতে। তার বাবা এবং মা এখনো সেই বস্তিতে আছেন যেখানে শৈশব কেটেছে বদরের। দুই কক্ষে ৯ জন সদস্য নিয়ে কোনো মতে জীবন-যাপন করছেন তার মা-বাবা। মা-বাবার ইচ্ছা ছিল ছেলে পড়ালেখা করুক। আর তাই তাকে দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট মেরি’স স্কুলে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বদর কলকাতার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হন। সেখানে তিনি হোটেল ব্যবস্থাপনায় ডিগ্রি লাভ করেন। দুই বছরের কোর্স শেষ করে সেন্ট মেরি’স তাকে স্টকল্যান্ডে নিয়ে যায় এবং এডিনবার্গের নেপিয়ার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেন। ২০১১ সালে স্নাতক শেষ করেন এবং ২০১২ সালের ফেব্রুয়ারিতে বাকিংহাম প্রাসাদে জুনিয়র ফুটম্যান হিসেবে যোগ দেন। বদর বলেন, আমি ভারতে যেভাবে ছিলাম এখানে তার সম্পূর্ণ বিপরীত।
