কাউখালীর ৫ নদীতে ইলিশ নেই, হতাশ জেলেরা

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২৩:১০
ভরা মৌসুমেও পিরোজপুরের কাউখালীর কচা, সন্ধ্যা, চিরাপাড়া, গাবখান ও কালিগঙ্গা নদীতে ইলিশের দেখা নেই। ইলিশের নামে যা ধরা হচ্ছে তা জাটকা। বড় ইলিশের আশায় জেলেরা রাত-দিন নদীতে জাল ফেলছেন। উপজেলা মত্স্য অধিদপ্তর জানায়, উপজেলায় দেড় হাজার জেলে রয়েছে। কিন্তু নদীতে ইলিশ না পাওয়ায় জেলেদের পরিবারে অভাব-অনটন কাটছে না। কয়েকজন জেলে জানান, নদীতে ইলিশ মাছ ধরা না পড়ায় খুব খারাপ সময় যাচ্ছে তাদের। জাল ফেলে যা মাছ ধরা পড়ছে তা দিয়ে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচও উঠছে না। অন্যদিকে জেলেদের দাদন দিয়ে বেকায়দায় পড়ছেন ব্যবসায়ীরা। মাছ ধরা না পড়ায় তারা মহাজনের দাদনের টাকা পরিশোধ করতে পারছে না। অনেক জেলে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল গড়ে নদীতে নেমেছে। কিন্তু সারাদিন জাল ফেলেও মাছ না পেয়ে তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ নদীতে যাওয়াই ছেড়ে দিয়েছেন।