মোবাইল ফোনের থ্রি-জি তরঙ্গের নিলাম প্রক্রিয়ার কিছু বিষয় নিয়ে অপারেটররা প্রশ্ন তুলেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল সোমবার বিটিআরসি কার্যালয়ে এক বৈঠকে অপারেটরা এসব বিষয় নিয়ে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস ইত্তেফাককে বলেন, অপারেটররা নিলাম প্রক্রিয়ায় কিছু বিষয় নিয়ে পরিষ্কার হতে চেয়েছেন। তিনি বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তাদের এসব বিষয় লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। তারপরই এ বিষয়ে বলা যাবে। দ্রুততার সঙ্গে অপারেটরদের প্রশ্নের জবাব দেয়া হবে বলেও জানান তিনি।
জানা গেছে, আগামী ১ আগস্ট থ্রিজি আবেদনের শেষ সময়। অপারেটররা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ১ আগস্টের মধ্যে আবেদন জমা দেয়ার বিষয়ে অপারেটররা নিশ্চিত করেছে কি-না জানতে চাইলে বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আমরা আশাবাদী। তিনি বলেন, বৈঠকে অপারেটররা মূলত নিলামে তরঙ্গ শ্লট বরাদ্দ, নিলাম ডাকার সময়ে বিরতি এবং আরো কিছু বিষয়ে প্রশ্ন তোলেন। আগামী ২ সেপ্টেম্বর থ্রিজি নিলামের দিন রয়েছে।
থ্রিজি নিলামের আগেই লাইসেন্সের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট কমানো এবং টু-জি লাইসেন্সের ভ্যাট ইস্যু নিয়ে জটিলতার অবসানের দাবি জানিয়ে আসছে মোবাইল ফোন অপারেটররা।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর অব বাংলাদেশের (এমটব) সেক্রেটারি নুরুল কবির গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এটি অপারেটরদের যার যার বিজনেস কেইস। তবে কিছু ইস্যু নিয়ে সমস্যা চলছে, শিগগিরই তার সুরাহা হবে।
