বলা হয়ে থাকে বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জীবন। যারা হলে আবাসিকতার সুযোগ পায় না, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রকৃত সুখ থেকেই বঞ্চিত। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক সুবিধা থেকে রীতিমত বঞ্চিতই থেকে যায় শিক্ষার্থীরা। এমনি একটি বিশ্ববিদ্যালয় হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার চার বছরে হল চালু না হলেও পঞ্চম বছরে এসে তা পূর্ণ হলো।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আর অনাবাসিক নয়। তাদের আবাসিকতার জন্য নির্মিত ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ চালু হয়েছে। এটিই এ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল। ঐদিন দুপুরে উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হলে ওঠার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠানে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার উত্তম স্থান আবাসিক হল। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের বাসিন্দা হয়ে তোমরা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সংস্কৃতি মেনে চলার জন্য সকল ছাত্রীদের প্রতি আহবান জানান। একই সাথে তিনি প্রকৌশল দপ্তর, হল কর্তৃপক্ষ ও হলের সাথে সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে তিনি হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ মোজাম্মেল হক, হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার মোঃ শাহজাহান আলী মন্ডল, উপ-পরিচালক এ টি জি এম গোলাম ফিরোজ, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার সিংহ, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। হল চালু হওয়ার এমন আনন্দঘন মুহুর্তের অংশিদার হতে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই ছাত্রীদের মাঝে লক্ষ করা গেছে উচ্ছাস। তারা হল জীবনের শুরুর দিনটিকে স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখতে নানা প্রাণবন্ত আনুষ্ঠানিকতার আয়োজন করে।
