সিডি/ডিভিডি পেরিয়ে প্রযুক্তি বিশ্বে এখন চলছে ব্লুরে ডিস্কের জয়জয়কার। অবশ্য উন্নত বিশ্বের দেশগুলো পেরিয়ে আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্লুরে ডিস্ক এখনও ডিভিডি’র মতো সার্বজনীন গ্রহণযোগ্যতা পেয়ে ওঠেনি। ব্লুরে ড্রাইভ এবং ব্লুরে ডিস্কের খরচের সাথে এখনও কুলিয়ে উঠতে পারিনি আমরা। তবে আমাদের জন্য তো আর প্রযুক্তি বসে থাকবে না! তাই, ব্লুরে ডিস্কের পরের প্রজন্ম নিয়ে কাজ শুরু করে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আমরা এখনও ব্লুরে ডিস্ক ব্যবহারে অভ্যস্ত না হলেও দুই টেক জায়ান্ট সনি আর প্যানাসনিক নতুন প্রজন্মের যে ডিস্ক নিয়ে কাজ শুরু করেছে, তাতে তথ্য ধরবে একটি ডিস্কে ৩০০ গিগাবাইট! এখনকার ব্লুরে ডিস্কের তুলনায় যা ৬ গুণ বেশি। হাই-ডেফিনেশন মাল্টিমিডিয়া কনটেন্ট ধারণের জন্যই এমন আকৃতির ডিস্ক প্রয়োজন হবে। কেননা কিছুদিন আগেই সনি জানিয়েছে, ৪কে আল্ট্রা হাই-ডেফিনেশন রেজ্যুলেশনে একটি সিনেমা ফাইলের আকৃতি হবে ১০০ গিগাবাইট! সনি এবং প্যানাসনিক জানিয়েছে, ২০১৫ সালের মধ্যেই এই ৩০০ জিবি স্টোরেজের ডিস্ক বাজারে নিয়ে আসতে সমর্থ হবে।
