সাইবেরিয়ার এক বার থেকে আকণ্ঠ মদ্যপান করে বেরিয়েছে এক মাতাল। এরই মাঝে বার থেকে বাড়িতে যাওয়ার পথে একটি শ্বেত ভল্লুককে দেখে মনের ভুলেই তাকে জড়িয়ে ধরতে গেল মাতালটি। ভল্লুকটিও মাতাল লোকটিকে সজোরে খানিকটা দূরে আছড়ে ফেলল। কিন্তু লোকটি এতে দমে গেলেন না। বরং দ্বিতীয়বার আগের চাইতেও বেশি উত্সাহে তিনি চেষ্টা করলেন ভল্লুকটিকে জড়িয়ে ধরবার। তবে এবারও আগের মতোই লোকটিকে একই দিকে ছুড়ে মারল ভল্লুকটি। এবার মাতাল লোকটি উঠে দাঁড়িয়ে গা ঝারতে ঝারতে বেশ রাগত স্বরেই বলতে লাগল, ‘কিছু কিছু মহিলা একটা ফারকোট পেলেই দেমাগে মাটিতে তাদের পা পড়ে না।’
চেখভ নামের এক লোক এসেছেন বারে। খানিকক্ষণ অপেক্ষা করে তিনি তার পানীয় অর্ডার করলেন এবং এরপর পকেট থেকে একটা স্ট্র বের করে সেই পানীয় খেতে শুরু করলেন। তার এ ধরনের আচরণ দেখে এক ওয়েটার খুব কৌতূহলী হয়ে চেখভ কে জিজ্ঞেস করল ‘আচ্ছা লোক তো তুমি। আমাদের বারে এর আগে আমরা কাউকেই এমন স্ট্র দিয়ে মদ খেতে দেখিনি। তুমি এরকম করছো কেন জানতে পারি?’ উত্তরে চেখভ খানিকটা বিরক্ত হয়েই উত্তর দিলেন ‘ডাক্তার আমাকে পানপাত্র থেকে দূরে থাকতে বলেছেন। এ জন্যই একটু দূরে থেকে স্ট্র দিয়ে খাচ্ছি।’
বিখ্যাত মার্কিন নাট্যকার ও’নীলকে পরিচালক রাসেল ক্রুসো তাঁর ওয়াইলডারনেস নাটকটি একটু ছোট করতে অনুরোধ করলেন। ও’নীল রাজি হলেন না। তবে পরদিন ফোনে জানালেন, তিনি নাটকটি পনের মিনিট কমিয়েছেন।
পরিচালক ক্রুসো খুশি হয়ে উঠে বললেন, ‘কোন দৃশ্যটি বাদ দিয়েছেন?’
ও’নীল বললেন, ‘কোনো দৃশ্য বাদ দিইনি। আমি নাটকের বিরতির সময়টুকু বাদ দিয়েছি।’
