অনলাইন শিক্ষায় জম্পেশ ডটকম

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:৩৪
ইন্টারনেটের কল্যাণে বিশ্বব্যাপী এক ডিজিটাল বিপ্লব সাধিত হয়েছে, যার মধ্যে শিক্ষাক্ষেত্রেও এসেছে যুগান্তকারী পরিবর্তন। অনলাইনে নানা ধরনের শিক্ষা বিষয়ক ওয়েবসাইটসহ এখন উন্নত বিশ্বের অনেক দেশেই অনলাইন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের বদৌলতে লেগেছে পরিবর্তনের হাওয়া। আমাদের প্রতিবেশি দেশ ভারতও পিছিয়ে নেই আধুনিক প্রযুক্তির এই সুবিধা গ্রহণ করতে। তবে আমাদের দেশে অনলাইন শিক্ষার এই ধারা এখনও পর্যন্ত খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের দেশে যেমন নেই অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি অনলাইনে পড়ালেখার খুব বেশি স্থানীয় ওয়েবসাইটও তৈরি হয়নি। স্থানীয় অনলাইন শিক্ষা বিষয়ক মানসম্মত ওয়েবসাইটের অপ্রতুলতাকে কিছুটা হলেও পূরণ করতে তাই যাত্রা শুরু করেছে ‘জম্পেশ ডটকম’। সময়ের সাথে সাথে কম্পিউটিং ডিভাইসের ব্যবহার আমাদের দেশেও বেড়েছে এবং বাড়ছে। একইসাথে ইন্টারনেট ব্যবহারের হারও বাড়ছে উল্লেখযোগ্য পরিমাণে। তাই ইন্টারনেট ব্যবহারকারীরা এখন আমাদের দেশেও শিক্ষা বিষয়ক স্থানীয় ওয়েবসাইট সন্ধান করে থাকেন। তাদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে জম্পেশ ডটকম। একদম শিশু থেকে শুরু করে সব বয়সী শিক্ষার্থীদের জন্যই এই সাইটে রয়েছে নানা ধরনের মাল্টিমিডিয়া কনটেন্ট। প্রথম পাঠ আমাদের দেশে শিশুদের পড়ালেখা শুরু হয়ে থাকে প্লে গ্রুপের মাধ্যমেই। এই বয়সী শিক্ষার্থীদের জন্য বেশকিছু পাঠ রয়েছে জম্পেশ ডটকমে। এর মধ্যে রয়েছে বাংলা বর্ণমালা শেখা, বর্ণমালার চর্চা, আলাদা আলাদা করে বিভিন্ন বর্ণমালার পাঠ, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পাঠ, ইংরেজি বর্ণমালার পাঠ, মৌলিক গাণিতিক পাঠ প্রভৃতি। প্রতিটি পাঠেই শিশুদের উপযোগী ভিডিও টিউটোরিয়াল ব্যবহার করা হয়েছে, যা শিশুদের পাঠে আগ্রহ তৈরি করতে সক্ষম হবে। ছড়ার সমারোহ শিশুদের ছড়া শেখানোর বিষয়টি আমাদের সমাজের একটি প্রচলিত ধারা। জম্পেশ ডটকমেও রয়েছে শিশুদের জন্য বেশকিছু ছড়ার সংগ্রহ। এর মধ্যে রয়েছে কাজের লোক, কাজলা দিদি, খোকা ঘুমাল, খুকি ও কাঠবেড়ালি, কমলাফুলি, মামার বাড়ি, রেলগাড়ি, শিশুর পণ, আগডুম বাগডুম, বৃষ্টি পড়ে, চাঁদ মামা, ছুটি, বাক বাকুম পায়রা, ভোর হলো দোর খোলো’র মতো জনপ্রিয় সব ছড়া। এসব ছড়ার সাথে রয়েছে আকর্ষণীয় অ্যানিমেশন। ইংরেজির পাঠ ইংরেজি ভাষাতে আমাদের দেশের শিক্ষার্থীদের রয়েছে স্বাভাবিক দুর্বলতা। এই সাইটে তাই ইংরেজি শেখানোর বিষয়ে বিভিন্ন পাঠ সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে একদিকে রয়েছে ইংরেজি ব্যাকরণ শিক্ষা, অন্যদিকে রয়েছে স্পোকেন ইংরেজির জন্য প্রয়োজনীয় পাঠ। ইংরেজি ব্যকরণের বিভিন্ন বিষয়ে এখানে রয়েছে ৪০টি পাঠ, যেখানে ব্যকরণের মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে উচ্চতর শিক্ষা রয়েছে। আবার ইংরেজিতে কথা বলা শেখাতে স্পোকেন ইংরেজিরও ৩০টি পাঠ রয়েছে। বিজ্ঞান শিক্ষা এই সাইটে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী গণিতের বিভিন্ন বিষয়ে রয়েছে ভিডিও টিউটোরিয়াল। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের পদার্থবিজ্ঞানের নানা বিষয়ের ভিডিও টিউটোরিয়ালও রয়েছে এই সাইটে। ফলে গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো এখান থেকে শেখা যাবে। কম্পিউটার কম্পিউটার, নেটওয়ার্কিং এবং প্রোগ্রামিং বিষয়ে বেশকিছু পাঠ রয়েছে এই সাইটে। এর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে রয়েছে ৫৬টি পাঠ, যেখানে সংশ্লিষ্ট বিষয়ের বিশ্বখ্যাত সব শিক্ষকদের ভিডিও ক্লাস সংযুক্ত রয়েছে। একইরকমভাবে প্রোগ্রামিং বিষয়ে ১১টি ভিডিও টিউটোরিয়াল এবং কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে রয়েছে ৪০টি ভিডিও টিউটোরিয়াল। কম্পিউটার, নেটওয়ার্কিং এবং প্রোগ্রামিংয়ে আগ্রহীরা এই ভিডিও লেকচারগুলো থেকে নিজেদের জ্ঞান বাড়িয়ে নিতে পারবে। এ ছাড়াও প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে ৯২টি এবং অন্যান্য আরও বেশকিছু ভিডিও টিউটোরিয়াল সংযুক্ত রয়েছে জম্পেশ ডটকমে। সবমিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত একটি শিক্ষামূলক সাইট হিসেবে গড়ে উঠতে সবদিকেই নজর রাখার চেষ্টা করেছে জম্পেশ ডটকম।