অনলাইন লাইফস্টাইল স্টোরের খোঁজখবর

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:৩৫
উন্নত বিশ্বের মতো এখন বাংলাদেশেই ই-কমার্সের মাধ্যমে অনলাইনেই চলছে কেনাকাটা। ঘরে বসে পণ্য পাওয়ার সুবিধাকে স্বাগত জানিয়েছে কর্মব্যস্ত মানুষেরা। বিশেষ করে রাজধানীবাসীর কাছে অনলাইনে শপিংয়ের সুবিধা এসেছে এক ধরনের আশির্বাদ হিসেবে। বাংলাদেশের অনলাইন শপগুলোতে এখন সব ধরনের পণ্যই মিলছে। লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত সব ধরনের পণ্য সহজেই খুঁজে নিতে পারেন এসব সাইট থেকে। এই লেখায় এই রকম কয়েকটি অনলাইন শপের খবর জানানো হলো। বিপণী ডটকম (biponee.com) মোবাইল ফোনেই শপিংয়ের সুবিধা চালু করতে শুরু হয় বিপণী ডটকমের যাত্রা। পিসি থেকে ওয়েব ব্রাউজারের পাশাপাশি মোবাইলের মাধ্যমে কেনাকাটার সুবিধাও রয়েছে এই অনলাইন শপে। এই শপটিতে গিয়ে রয়েছে প্রয়োজনীয় পণ্য খোঁজার সুবিধা; সেটা পছন্দের ক্যাটাগরি অনুযায়ী যেমন সম্ভব, তেমনি দামের ভিত্তিতেও সম্ভব। বিপণী ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম জানান, আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সিংহভাগই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। আর তাই সময়ের চাহিদা পূরণ করতেই মোবাইলে ব্যবহারের উপযোগী সেবা চালু করেছেন তারা। তিনি জানান, এই অনলাইন শপে কোনো পণ্যের স্টক শেষ হয়ে গেলেও সেটা পাওয়ার জন্য গ্রাহক অনুরোধ জমা দিতে পারেন। ছেলে-মেয়েদের পোশাক থেকে শুরু করে ঘড়ি, বেল্ট, চশমা, উপহারসামগ্রী সবই পাওয়া যাবে এই সাইটে। এই ঈদে তাই আপনার শপিংয়ের জন্য বেছে নিতে পারেন বিপণী ডটকমকে। বিডিহাট ডটকম (bdhaat.com) দৈনন্দিন জীবনযাপনের জন্য যত ধরনের পণ্য প্রয়োজন, তার প্রায়ই সবই মিলবে অনলাইন শপ বিডিহাট ডটকমে। এখানে যেমন রয়েছে ছেলে-মেয়েদের পোশাক, তেমনি রয়েছে অলংকার, ইলেকট্রনিক্স পণ্য, ঘর সাজানোর পণ্য, উপহার, খেলাধুলা ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং কাঁচাবাজারও। বিডহাটকে নিউমার্কেটের একটি ক্ষুদ্র সংস্করণ বললেও খুব একটা ভুল হবে না। ঢাকার মধ্যে ২৪ ঘণ্টার ভেতরেই পণ্যের ডেলিভারি হয়ে থাকে। সেটাও আবার পরিবহন খরচ ছাড়াই। ঢাকার বাইরের জন্য অবশ্য স্থানভেদে ৫দিন পর্যন্ত সময় নেয় এই অনলাইন শপ। শপটির ব্যবস্থাপনা পরিচালক আরাফাত ইসলাম জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের অফার রয়েছে এই অনলাইন শপে। শুরু থেকেই এই সাইটে ক্রেতাদের আনাগোনাও আশানুরূপ। তিনি মনে করেন, ই-কমার্স যেভাবে প্রসারিত হচ্ছে আমাদের দেশে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে এটি এক ধরনের বিপ্লব ঘটিয়ে ফেলবে। যেমনখুশি ডটকম (jemonkhushi.com) লাইফস্টাইল পণ্যের আরেকটি দেশিয় অনলাইন শপ যেমনখুশি ডটকম। তারুণ্যের পছন্দের টি-শার্ট, সানগ্লাস, অলংকার, চামড়ার দ্রব্যাদি, সুগন্ধীসামগ্রীর সবই মিলবে এই ইন্টারনেটের দোকানে। সেই সাথে এই শপের বিশেষ একটি সেবা হচ্ছে এতে নিজের খুশি মতো ডিজাইন বা ছবি মগে প্রিন্ট করিয়ে নেওয়া। ক্রেতার পছন্দের রঙ, ডিজাইন বা ছবি দিয়েই এখান থেকে মগ তৈরি করিয়ে নেওয়া যায়। একদল তরুণের হাত ধরেই যাত্রা শুরু করে এই শপ। এর মধ্যে দুইজন হলেন ইরতিযা হোসেন এবং ইউনুস আহমেদ। তারা জানালেন, প্রাথমিকভাবে এই শপটি মানুষের ছবি তুলে বাঁধাই করে দিত। সময়ের সাথে সাথে গ্রাহকদের চাহিদা পূরণ করতেই পছন্দমতো মগ ডিজাইন, টি শার্টসহ অন্যান্য পণ্য যুক্ত হয়েছে এই সাইটে। তারা জানান, রমজান উপলক্ষে শপটি বিভিন্ন ইসলামী পণ্য সেবা দিচ্ছে যার মধ্যে রয়েছে পাঞ্জাবী, টুপি, আতর, জায়নামাজ প্রভৃতি। উপহারবিডি ডটকম (upoharbd.com) প্রিয়জনকে সারপ্রাইজ উপহার পাঠাতে চান? কোনো উপলক্ষে আপনার উপস্থিতি কিন্তু সেই সারপ্রাইজের অনেকটাই ম্লান করে দেবে। তাই প্রিয়জনের কাছ থেকে উপহার পৌঁছে দিতে যাত্রা শুরু করে উপহারবিডি ডটকম। প্রযুক্তিপাগল আবিদের হাত ধরে যাত্রা শুরু এই সাইটের। তার অস্ট্রেলিয়া প্রবাসী এক বন্ধুর কাছে তখনকার অস্ট্রেলিয়ায় প্রচলিত এই সেবা সম্পর্কে জানেন আবিদ। প্রবাসীদের অর্ডার নিয়ে তাদের প্রিয়জনকে উপহার নিজেই পৌঁছে দিতেন তিনি। পণ্য সরবরাহের সময় ছবি তুলে সেটি আবার পাঠিয়ে দিতেন ক্রেতাকে। এটি প্রবাসীদের জন্য একটি বড় পাওয়া হয়ে দাঁড়ায়। এভাবেই যাত্রা শুরু করে এই অনলাইন শপটি। এখন এই সাইটে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। দেশের যেকোনো স্থানেই পণ্য ডেলিভারি করে থাকে এই সাইট। ঈদকে সামনে রেখে অন্যান্যদের মতো তাদেরও রয়েছে নানা ধরনের অফার।