বুরোস-আবেদি, নিধাম লজিক কিংবা নিধাম-শ্রয়েডার সিকিউরিটি প্রটোকলের সাথে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী রজার নিধাম। ১৯৩৫ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নিধাম। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৫৬ সালে দর্শন এবং গণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর পরে তিনি ডিজিটাল কম্পিউটার বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এ সময় তিনি ডিজিটাল সিকিউরিটি, অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে কাজ করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে শুরুতেই আসে অথেনটিকেশনের জন্য বুরোস-আবেদি-নিধাম লজিক যা বিএএন লজিক নামে পরিচিত। এ ছাড়া কারবেরস অথেনটিকেশন এবং কি এক্সচেঞ্জের জন্য মাইকেল শ্রয়েডারের সাথে নিধাম-শ্রয়েডার সিকিউরিটি প্রটোকলও উদ্ভাবন করেন। ১৯৬২ সালে তিনি কেমব্রিজের কম্পিউটার ল্যাবরেটরিতে যোগদান করেন এবং ১৯৮০ সালে এর প্রধান হন। ১৯৮১ সালে তিনি অধ্যাপক পদমর্যাদায় উন্নীত হন এবং অবসর গ্রহণের আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। ২০০৩ সালের ১ মার্চ ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন নিধাম।
