চলতি বছর দেশে ৩৩৮ এইচআইভি রোগী সনাক্ত

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:৪১
চলতি বছর সারা দেশের ৩৩৮ জনের শরীরে এইচআইভি পজেটিভ শনাক্ত করা গেছে। এই নিয়ে এ পর্যন্ত সারা দেশে এইচআইভি পজেটিভের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৪ জনে। এ পর্যন্ত সারা দেশে আক্রান্তদের ৩৯০ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বাইরে থাকা একটি বড় অংশ রয়েছে ঝুঁকিতে। এইচআইভি পজেটিভ আক্রান্তদের মধ্যে যশোরে ১৪ এবং সাতক্ষীরার ১১ জন রয়েছেন, যাদের প্রত্যেকের নিজের বা পরিবারের সদস্যদের দেশের বাইরে যাবার অভিজ্ঞতা রয়েছে। যশোর ও সাতক্ষীরার ১ হাজার ১০৯ জনের রক্ত পরীক্ষায় ওই ২৫ জন শনাক্ত হয়। পরীক্ষার ফলাফলে গড়ে ৪৪ দশমিক ৩৬ জনের মধ্যে একজনের শরীরে পজেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এ সংখ্যা উদ্বেগজনক হলেও এইচআইভি পজেটিভদের ঘাতক ব্যাধি এইডসে আক্রান্ত হবার নিশ্চিত ঝুঁকি নেই বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে কেয়ারের সহযোগিতায় আদ-দ্বীনের এমফ্যাসিস কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয়, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে এইচআইভি পজেটিভ অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি। সরকারিভাবে শুধু যশোর ও সাতক্ষীরায় সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষার সুযোগ রয়েছে। উদ্বেগজনক তথ্য হলো গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভলেন্টিয়ারিং কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং (ভিসিটি) সেন্টারে রক্ত পরীক্ষা করতে আসা ৬২৯ জনের মধ্যে ১০২ জনই শিক্ষার্থী। এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, এইচআইভি হতে পারে এমন কর্মকাণ্ডে একবারের জন্য হলেও লিপ্ত হয়েছিল বলেই ছাত্ররা ভিসিটি সেন্টারে এসেছে। তবে ভাগ্য ভাল, তাদের রক্ত পরীক্ষায় পজেটিভের আলামত পাওয়া যায়নি। সভায় জানানো হয়, এইচআইভি মায়ের শরীর থেকে সন্তানের শরীরে এসেছে ৪ জনের ক্ষেত্রে। এদের মধ্যে একজন স্কুল ছাত্র। বাকিরা ছোট শিশু। তবে এইচআইভি পজেটিভ আক্রান্তরা চিকিত্সা পরামর্শ মেনে চললে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে।