রোনালদো সবজান্তা : মরিনহো

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:০৪
স্বঘোষিত ‘বিশেষ ব্যক্তিত্ব’ হোসে মরিনহো যখন রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করছিলেন সেসময় দলটির তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার একটিই সমস্যা হতো। মরিনহোর মতে বিশ্বের এই সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার মনে করেন তিনিই ‘সবজান্তা’। রোনালদো প্রায় ৯ কোটি ইউরোর বিনিময়ে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে কোচ মরিনহোর প্রশিক্ষণ পেয়ে তার গোল করার গতি আরো বেড়ে যায়। স্প্যানিশ টেলিভিশন শো পুনটো পেলোটায় অংশগ্রহণকারী মরিনহোকে রোনালদোর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে পর্তুগীজ এই কোচ বলেন, খেলোয়াড়টি সমালোচনা মেনে নিতে পারে না। মরিনহো বলেন,‘ তার সঙ্গে আমার শুধু একটি সমস্যাই হয়েছে, যা খুবই ছোট্ট এবং স্বাভাবিক। সেটি হচ্ছে যখন একজন কোচ তার খেলোয়াড়ের উন্নয়নের জন্য ট্যাকনিক্যাল বিষয়গুলো নিয়ে সমালোচনা করেন তখন তার মনে উন্নয়নের আকুতি আসবে। আর এরকম অবস্থায় বিষয়টিকে সহজভাবে নিতে পারেন না রোনালদো। কারণ সম্ভবত সে মনে করে সে-ই সর্বজান্তা এবং কোচ তার উন্নতির জন্য কিছুই করতে পারবেন না।’-বাসস