বাংলাদেশ চা বোর্ডের পরিচালক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে জানতে পেরেছে, চা বোর্ডের পরিচালক হারুনুর রশিদ জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন।
গতকাল মঙ্গলবার দুদক কমিশনের নিয়মিত বৈঠকে চা বোর্ডের পরিচালক নিয়োগের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুদক সূত্র জানায়, বাংলাদেশ চা বোর্ডের পরিচালক হারুনুর রশিদ জালিয়াতি করে নিয়োগ লাভ করেন। এই অভিযোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে তদন্ত করেছে। হারুনুর রশিদ সেই তদন্ত টিমকে প্রভাবিত করে তাদের থামিয়ে দেন। এছাড়া পরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকে জমাপড়া অভিযোগে আরো জানা যায়, পরিচালক হারুনুর রশিদ ১৯৭৮ সালে পরিসংখ্যান অফিসার পদে শ্রীমঙ্গলে নিয়োগ লাভ করেন। কিন্তু ওই পদে নিয়োগ পেতে হলে প্রথম শ্রেণীর অফিসার হিসেবে পরিসংখ্যান কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কিন্তু তার শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকায় প্রথম শ্রেণীর অফিসার হওয়ার যোগ্যতা তার ছিল না। প্রথম শ্রেণীর অফিসার হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি জাতীয় বেতন স্কেলে ৬ নং গ্রেডে (পরিসংখ্যান অফিসার) হিসেবে যোগ দিয়েছিলেন। এ নিয়োগ জালিয়াতির মাধ্যমে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
