পাকিস্তানের ১২তম প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত মামনুন

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪১
পাকিস্তানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল পিএমএল-এন প্রার্থী মামনুন হুসাইন। গতকাল মঙ্গলবার এই নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার ফখরুদ্দীন জি ইব্রাহীম জানান, জাতীয় পরিষদ এবং সিনেটের ৪৩২ ভোট পেয়েছেন মামনুন হুসাইন। নির্বাচনে জয়লাভের জন্য তার প্রয়োজন ছিল ২৬৩ ভোট। পাকিস্তানের ১২তম প্রেসিডেন্ট মামনুন হুসাইন ভারতীয় বংশোদ্ভূত। খবর এনডিটিভি ও ডনের। প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এ নির্বাচনে অংশ না নিলেও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনাসাফ (পিটিআই) প্রতিদ্বন্দ্বিতা করেছে। পিটিআইয়ের প্রার্থী বিচারপতি ওয়াজিহউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৭ ভোট। পার্লামেন্টের উভয় কক্ষের আইনপ্রণেতাসহ চারটি প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ৩টায় ভোট গ্রহণ শেষ হয়। মামনুন হুসাইনের জন্ম ভারতের আগ্রায়। উপমহাদেশ ভাগের পরে তার পরিবার পাকিস্তানের করাচিতে চলে যায়। ৭৩ বছর বয়সী মামনুন হুসাইন করাচির শীর্ষ স্থানীয় ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ আস্থাভাজন। ১৯৯৯ সালে তিনি পাঁচ মাসের জন্য সিন্ধু প্রদেশের গভর্নর ছিলেন। নওয়াজ শরীফের প্রতি আনুগত্য এবং তুলনামূলক কম পরিচিতির কারণে প্রেসিডেন্ট পদে মামনুন হুসাইনের এ জয় প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আরো সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়াদ শেষ হচ্ছে ৮ সেপ্টেম্বরে। পরদিন শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট। সাবেক সামরিক শাসক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পদত্যাগের পর তত্কালীন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেতা জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হন।