ট্রাইব্যুনালের বেঁধে দেয়া সময় অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। একদিন সময় বাড়িয়ে আজ বুধবারের মধ্যে তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে বলেছেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। তিনি সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে ১৭টি অভিযোগের সাক্ষ্য-প্রমাণের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এ সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রমের শেষদিকে রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি জেয়াদ আল মালুম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে ট্রাইব্যুনালের বেঁধে দেয়া তিনদিনের বাইরে আরো দুই দিন সময় চান। এর জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এটিএম ফজলে কবীর বলেন, রাষ্ট্রপক্ষের ২৩টি অভিযোগ ২৩ পদের তরকারি রান্নার মতো অবস্থা। পদ বেশি হওয়ায় মশলা পর্যাপ্ত হয়নি। এর চেয়ে অল্প কয়েকটি অভিযোগ আনলে ভালো হতো। তিনি দুইদিনের পরিবর্তে আজ বুধবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে বলেন।
উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। তবে সব অভিযোগে তারা সাক্ষ্য-প্রমাণ হাজির করেনি। সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৪১ জন সাক্ষ্য দিয়েছেন অন্যদিকে আসামিপক্ষে সালাহউদ্দিন কাদেরসহ চারজন সাক্ষ্য দিয়েছেন।
