কেরানীগঞ্জে র্যাবের বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৪
দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কের নাজিরাবাগ এলাকায় সোমবার গভীর রাতে র্যাব ও ছিনতাইকারীদের মধ্যে বন্ধুকযুদ্ধে মো. সবুজ মিয়া ও সাগর আহমেদ মতি নামে দুই যুবক নিহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি চাপাতি, একটি ধারালো চাকু, লোহার রড ও স্বর্ণালংকার উদ্ধার করে র্যাব। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। র্যাব-১০ কেরানীগঞ্জ কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম জানান, একদল ছিনতাইকারী সোমবার রাতে শাহাজালাল বিমানবন্দর থেকে একটি সাদা নোয়াহ মাইক্রোবাস কৌশলে ভাড়া নেয়। গাড়িটি মহাখালী পৌঁছালে তারা চালক আব্দুল মতিনকে অস্ত্র ঠেকিয়ে নামিয়ে দেয়। গাড়ির চালক বিষয়টি গাড়ির মালিক এসএম ওয়াহিদুজ্জামান আহাদকে জানান। ছিনতাইকারী দলটি দ্রুত বেগে গাড়ি চালিয়ে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতু পার হয়ে ঢাকা-মাওয়া সড়কে আসে। র্যাব-১০ এর একটি টিম মাওয়া সড়কের নাজিরাবাগ এলাকায় চেকপোস্টে ছিল। ছিনতাইকারীরা নাজিরাবাগ এলে র্যাব সদস্যরা সন্দেহজনক ভাবে গাড়িটি থামায়। এসময় ছিনতাইকারীরা র্যাব দেখে গুলি চালায়। র্যাব আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে সবুজ মিয়া ও সাগর আহমেদ গুলি বিদ্ধ হলে ঘটনাস্থলে নিহত হয়। তাদের দেহ তল্লাশি করে দু’জনের পরিচয় পাওয়া যায়। সবুজ মিয়ার বাবার নাম মো. আব্দুর রশিদ। বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন সদর এলাকায়। সাগর আহমেদের বাবার নাম মতিনুর রহমান। বাড়ি বরিশাল সদর বটতলা রোডে।