ইরাকের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেই বিখ্যাত তলোয়ার দেশটির সরকারের কাছে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তলোয়ারটি নিয়ে সাদ্দাম হোসেনকে বিভিন্ন সময় দেখা গেছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণের পর সাদ্দাম হোসেনের ব্যক্তিগত অফিস থেকে তলোয়ারটি খোয়া যায়। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সোমবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে। ৪৩ ইঞ্চি লম্বা এই তলোয়ারের খাপ স্বর্ণের আবরণে তৈরি। এর ব্লেড অত্যন্ত ধারালো এবং গায়ে আরবিতে লেখা রয়েছে। নিউহ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে গত বছরের জানুয়ারিতে নিলামে বিক্রির সময় তলোয়ারটি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এক মার্কিন ইতিহাসবিদ এই তলোয়ারটি নিয়ে আসেন। এটি ১৫ হাজার মার্কিন ডলারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এটি আধুনিক যুগের কোনো যুদ্ধাস্ত্র নয়। তাই এটিকে যুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন হিসেবেও বিবেচনা করা হবে না।
