বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় মত্স্য সম্পদের পরিমাণ নির্ণয় করতে আগামী বছর জরিপ শুরু হবে। এ জন্য মালয়েশীয় সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে একটি জরিপ জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে। জাহাজটি আগামী বছরের গোড়ার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবার পরপরই জরিপের কাজ শুরু হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইছাখালিতে মাল্টিচ্যানেল স্লিপওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস এমপি। মন্ত্রী আরো বলেন, জরিপের জন্য দক্ষ জনবল তৈরির কাজে শ্রীলংকা ও মালদ্বীপ সহযোগিতা করবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই দেশ দুটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এছাড়া নরওয়ের সাথে একটি কারিগরি সহায়তা চুক্তিও স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সামুদ্রিক মাছ আহরণের জন্য সরকার ১৫টি লং লাইন জাহাজ ও ১০টি মিডওয়াটার ট্রলারের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গত রবিবার ক্যাবিনেটের সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
