>> মামুনুর রশিদ রাজিব
বাংলাদেশ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করলেন ভারতের হায়দ্রাবাদ শহরের শ্রী সুরভী একাডেমি অব পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উত্সবে। যাচাই বাছাই শেষে টিকেও গেলেন। আগামী জুনের শুরুতেই তিনি হায়দ্রাবাদের উদ্দেশে দেশ ছাড়বেন। অংশ নেবেন ভারতসহ স্পেন, জার্মানি ও নেপালের শিল্পীদের সঙ্গে। বলছিলাম নৃত্য জগতে একজন শিল্পী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় দেখার স্বপ্ন বিভোর ঢাকার ছেলে কাজী রায়হানের গল্প। যিনি হায়দ্রাবাদের শ্রী সুরভী একাডেমি অব পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উত্সবে অংশ নেওয়া ৩০০ শিল্পীর মধ্যে একমাত্র বাংলাদেশি। হায়দ্রাবাদের শ্রী সুরভী একাডেমি অব পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উতসবে অংশ নেওয়ার প্রক্রিয়ায় উতরানোটা যতটা সহজ ছিল, আজকের এই পর্যায়ে আসাটা কিন্তু মোটেও এতটা সহজ ছিল না কাজী রায়হানের। ছোটবেলায় যখন তিনি নৃত্য শিল্পের প্রেমে পড়ে যান। তখন বাধা হয়ে দাঁড়ায় তাঁর পুরো পরিবার। যেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই এগিয়ে যাচ্ছে প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায়, সেখানে একটা রক্ষণশীল মুসলিম পরিবারের ছেলে নেচে বেড়াবে, সেটা যেন তাঁর পরিবার মানতেই পারছিল না। কিন্তু রায়হান থেমে যাননি। পরিবারের সকল বাধা উপেক্ষা করে তিনি কোচিংয়ের নাম করে পড়াশোনার পাশাপাশি সবার আড়ালেই শুরু করেন নৃত্য চর্চা। নাচের হাতেখড়ি হয় ‘নৃত্যাঞ্চল’ থেকে। নাঈমা সুলতানা রেখার হাত ধরে তিনি এগিয়ে চলেন নৃত্য জগতে। আয়ত্ত করতে থাকেন শাস্ত্রীয়, লোকনৃত্যসহ বিভিন্ন প্রকার ক্লাসিক্যাল নৃত্য। দিনে দিনে নিজেকে গড়ে তুলতে থাকেন। অংশগ্রহণ করতে থাকেন দেশের বিভিন্ন অনুষ্ঠান কিংবা টিভি শোতে। একসময় নিজের দক্ষতায় নাম লিখিয়ে ফেলেন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিয়মিত নৃত্যে অংশ নেওয়া শিল্পীদের তালিকায়। এছাড়াও তিনি কাজ করছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নৃত্যদল তুরঙ্গমির সঙ্গে এবং নিজের গড়া রুমঝুম নৃত্যালয় নিয়ে। কথা হয় শ্রী সুরভী একাডেমি অব পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উত্সবে আমন্ত্রণ পাওয়া একমাত্র বাংলাদেশি কাজি রায়হানের সঙ্গে। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এর আগেও আমি দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভাল ও ফিলিপাইনের ইন্টারন্যাশনাল ফেস্টিভালসহ তিনটি আন্তর্জাতিক নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে পারফর্ম করেছিলাম। যার সবগুলোই ছিল দলীয় অংশগ্রহণ। এবারই যাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে একক পারফর্ম করার জন্য। তাও আবার এককভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এটা আমার জন্য অনেক গর্বের।’
