বিজয় ডিজিটাল তাদের বিজয় শিশুশিক্ষা ২-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে। সফটওয়্যারটি বিশেষত প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে। এতে রয়েছে বাংলা এবং ইংরেজি ছড়া ও গল্প, বাংলা ও ইংরেজি বর্ণমালা লিখতে শেখা, ছোট ছোট বাক্য গঠন, যোগ-বিয়োগ শেখার পদ্ধতি প্রভৃতি। দ্বিতীয় সংস্করণে ‘বিজয় কিবোর্ডিং’ নামে নতুন একটি গেম সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে শিশুরা কিবোর্ড দিয়ে বাংলা ও ইংরেজি বর্ণ লিখতে শিখবে। এ ছাড়া নতুন এই সংস্করণে আগের সংস্করণের সাথে সাথে নতুন বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি ছড়াও যুক্ত করা হয়েছে। রয়েছে বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি গল্প। এই সফটওয়্যারটির সহযোগী হিসেবে বিজয় ডিজিটাল বাংলা, ইংরেজি ও অংক বিষয়ে তিনটি বইও প্রকাশ করেছে। বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁইয়ের নেতৃত্বে একটি সৃজনশীল দল এই সফটওয়্যার উন্নয়নের কাজ করে চলেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সফটওয়্যার ও বই পাঠ্য রয়েছে।
