প্রশ্ন : আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ভর্তি হয়েছি। এই বিভাগ থেকে পাস করার পর আমাদের দেশে এবং বাইরে কেমন ক্যারিয়ার গড়া সম্ভব? এই বিভাগ থেকে পাস করে কেমন চাকরি পাওয়া যায়? আমি কি উচ্চ ক্যারিয়ারের আশা করতে পারি?
মো. মনির হোসেন
ঢাকা।
উত্তর :বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি কেবল আমাদের দেশেই নয়, সারা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের দেশের কথা বললে সাম্প্রতিক সময়ে ঔষধ শিল্পের বেশ বড় ধরনের বিকাশ ঘটেছে। আর ঔষধ শিল্পকে এক অর্থে টিকিয়ে রাখতে অন্যতম মুখ্য ভূমিকা পালন করে থাকেন এই বিষয়ে ডিগ্রিধারীরা। আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলোতে কারখানাকে ঔষধের গুণগত মান নিশ্চিত করতে কিউসি বিভাগে এই বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া হয়। এ ছাড়া এসব কোম্পানির হেড অফিসেও ঔষধ মার্কেটিং বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দেওয়া হয় এখানকার শিক্ষার্থীদের। এর বাইরে আইসিডিডিআর,বিতে এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হয় বিভিন্ন ধরনের গবেষণার জন্য। আন্তর্জাতিক মানসম্পন্ন এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বেই বিখ্যাত। এর বাইরেও ডায়গনস্টিক সেন্টারগুলোতে এখানকার শিক্ষার্থীদের কদর রয়েছে। আর দেশের বাইরে গবেষণার সুযোগ তো রয়েছেই। তাই এই বিষয়ে ভালো একটি ক্যারিয়ারের আশা করা কোনোভাবেই দূরাশা নয়। বরং আপনি যদি ভালোভাবে পড়ালেখা করে ভালো ফল করতে পারেন এবং ব্যবহারিক কাজে দক্ষ হতে পারেন, তাহলে আপনার ভবিষ্যত ক্যারিয়ার ভালেই হবে বলে আশা করা যায়।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
