ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোটর সাইকেল চেকিং-এর নামে অর্থ বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরে থানা থেকে পুলিশ টিম রাস্তায় টহল বসায়। কাগজপত্র পরীক্ষার জন্য মোটর সাইকেল থামায়।
মোটর সাইকেলের চালকদের অভিযোগ কাগজপত্রে ত্রুটি না পেলেও ৫০ থেকে ১০০ টাকা বকশিস আদায় করে ছেড়ে দেয়। আর কোন ত্রুটি পেলে ৫ থেকে ৭শ’ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কাগজপত্রে কোন ত্রুটি থাকলে মামলা দেয়ার নিয়ম রয়েছে। আদায়কৃত টাকা ভাগ বাটোয়ার করে নেয়া হয়। দু’একজনের বিরুদ্ধে লোক দেখানো মামলা দিয়ে থাকে। আবার যাদের সাইকেল চোরাই বা অবৈধ ভারত থেকে আনা তারা অন্য পথে সটকে পড়ে। অথচ পুলিশ চেকিং স্পটের পাশ দিয়ে একেবারে কাগজপত্রবিহীন নসিমন, করিমন, আলম সাধু ও ভটভটি চলাচল করে। এ সব অবৈধ যানের প্রতি কোন পদক্ষেপ গ্রহণ করে না পুলিশ। ঝিনাইদহ জেলাতে প্রায় ১০ হাজার নসিমন, করিমন, আলম সাধু ও ভটভটি চলাচল করে থাকে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, কোন পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
