গাজীপুর ২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৫১
নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসাবে পুবাইলকে কেটে দূরবর্তী ৩৫ কিলোমিটার দূরের আসনে সংযুক্তি ও ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকা কাউলতিয়া ইউনিয়নকে শহরতলীর সংসদীয় ২ আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গাজীপুর জেলার সংসদীয় ৫টি আসনের মধ্যে গাজীপুর-২ ও ৩ সংসদীয় আসনে শহরতলীর পুবাইলকে কেটে ৩৫ কি.মি. দূরবর্তী গাজীপুর-৪ আসনের সাথে সংযুক্তি করে ও গাজীপুর-৩ আসনের শহরতলী থেকে ৩০ কি.মি. দুরবর্তী কাউলতিয়া ইউনিয়নকে শহরতলীর গাজীপুর-২ আসনের সাথে সংযুক্তি নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্ত বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতা-উত্তর সময়ে পুবাইল এলাকা গাজীপুর-২ আসনের সাথে সংযুক্তি ছিল। নির্বাচন কমিশন পুবাইলকে শহরতলীর সংসদীয় ২ আসন থেকে কেটে ৩৫ কি.মি. দূরবর্তী গাজীপুর-৪ (কালীগঞ্জ) আসনে সংযুক্তি, গাজীপুর-৩ সংসদীয় আসনের ৩০ কি.মি. দূরবর্তী কাউলতিয়া ইউনিয়ন শহরতলীর সংসদীয় ২ আসনে সংযুক্তি ঘটিয়ে গত ২ জুলাই গেজেট প্রকাশ করে। এতে স্থানীয় জনমনে ক্ষোভ ও বিক্ষোভ দেখা দিয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এ ব্যাপারে ক্ষোভ জানিয়ে বলেন, গাজীপুর সিটি নির্বাচনের সময় আমরা যখন নির্বাচনী কাজে ব্যস্ত তখন আমাদের কোনকিছু না জানিয়েই গাজীপুর-২ আসনের সাথে দূরবর্তী কাউলতিয়া ইউনিয়নকে সংযুক্তি করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গাজীপুর শহরতলীর পুবাইল এলাকা আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মভূমি। স্বাধীনতা-উত্তর পুবাইল গাজীপুর-২ আসনের সাথেই সংযুক্তি ছিল। গত ১/১১ সময়ের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে গাজীপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করার সময় পুবাইল গাজীপুর-২ আসন থেকে কেটে নিয়ে শহরতলী থেকে দূরবর্তী গাজীপুর-৪ আসনে সংযুক্তি করে।