ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, তিন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও অর্থ সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
রিট আবেদনকারী মো. আলমগীর হোসেন উত্তর সিটি করপোরেশন ও মো. মোস্তফা আহমেদ ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা চেয়ে গত ১১ জুলাই স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিস পাঠান। এ নোটিসের জবাব না দেয়ায় গত ২৮ জুলাই এ রিট করা হয়।
আবেদনে বলা হয়, সিটি করপোরেশন আইন অনুযায়ী নতুন সিটি করপোরেশন করার পর ১৮০ দিনে মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু তা করা হয়নি। এতে সিটি করপোরেশন আইনের ৩৪ ধারার লংঘন হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে।
