থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২১
সেরা একাদশে ছিলেন যারা মামুন খান (সোহেল), আরিফ (কেষ্ট), নাসির (অধিনায়ক), (রেজা), লিংকন, ওয়ালী ফয়সাল (মিশু), সোহেল, জামাল, ওয়াহেদ, মিঠুন (ইমন বাবু), মোবারক (তকলিস), এমিলি (রনি)। থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ডের প্রিমিয়ার ক্লাব ফুটবল দল অসোটস্পা সারাবুরির কাছে গতকাল ২-১ গোলে হেরেছে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের দলটি। ২৪ ও ৬৬ মিনিটে থাই ফুটবলার নারাং গোল করে স্বাগতিকরা ২-০ ব্যবধান গড়ে নেয়। অপরদিকে ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে বাংলাদেশের এক মাত্র গোলটি করেন শাখাওয়াত হোসেন রনি (১-২)। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে ওই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে গেছে বাংলাদেশ। সেখানে থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানের দল অসোটস্পা সারাবুরি কাল বাংলাদেশের বিরুদ্ধে ছয় জন বিদেশি ফুটবলারকে খেলায়। এদের মধ্যে তিনজন জাপানি ও অপর তিনজন আফ্রিকান ফুটবলার। বাংলাদেশের ছেলেরা প্রথমার্ধে ভালো খেলেনি। দ্বিতীয়ার্ধে চাপ প্রয়োগ করে খেলে প্রতিপক্ষকে কোনঠাসা করলেও ভাগ্যগুনে পেনাল্টিতে পাওয়া গোলটির পর দ্বিতীয়টির দেখা পায়নি ক্রুইফের দল। ওয়াহেদকে নিয়ে গর্ব ছিল ক্রুইফের। কাল ওয়াহেদই বাংলাদেশ দলকে বঞ্চিত করেছেন গোল থেকে। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। অভিজ্ঞ স্ট্রাইকার মিঠুন এমিলিও তেমন কাজে আসেননি। বাংলাদেশ দলের কোচ ক্রুইফ গোলপোস্টে মামুন খানকে সেরা একাদশে রাখলেও পরে তাকে তুলে নিয়ে সোহেলকে নামিয়েছিলেন। রক্ষণভাগে ওয়ালির বদলে মিশু এবং আক্রমণভাগে মিঠুনের বদলে ইমন বাবু, মোবারকের বদলে তকলিসকে এবং এমিলির পরিবর্তে রনিকে নামিয়ে পরীক্ষা করেছেন কোচ। স্ট্রাইকাররা কাল থাই ক্লাবের বিরুদ্ধে গোলের সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি। এ ধরনের ম্যাচে সুযোগই আসে কম। সেগুলো কাজে না লাগলে ম্যাচে ফেরার সুযোগ থাকে না। গতকালও তাই হয়েছে। নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবলে প্রতিপক্ষ দলের গোলকিপারকে একা পেয়ে রনি বলটাকে ক্রস পিসের ওপর দিয়ে বাইরে পাঠিয়েছেন। জানা গেছে কালও এ ধরনের ব্যর্থতা দেখিয়েছেন স্ট্রাইকাররা। প্রস্তুতি ম্যাচ আয়োজনের কারণ ক্রুইফ দেখতে চাইছেন এমিলি মিঠুন ওয়াহেদদের দুর্বলতাগুলো খুঁজে বের করে সারিয়ে তোলা। ক্রুইফ কাল খেলা শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দলে দুর্বলতা রয়েছে সেটা নিয়ে আরো কাজ করতে হবে। অন্যদিকে থাই ক্লাব দলের কোচ জানিয়েছেন স্ট্রাইকিং পজিশনে বাংলাদেশের দুর্বলতা রয়েছে।