কক্সবাজারে নিখোঁজ এনজিও কর্মকর্তা ৬ মাস পর উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২২
কক্সবাজার সদর হাসপাতাল থেকে ৬ মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ এনজিও কর্মকর্তা অর্ধেন্দু বড়ুয়া (৪৭) উদ্ধার হয়েছেন। তিনি সশরীরে গত মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর থানায় হাজির হয়ে পুলিশের কাছে দাবি করে বলেন, আমাকে অপহরণের পর চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়া হয়েছিল। এই অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন বলেন, ভিকটিম নিজেই থানায় হাজির হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, ভিকটিম দাবি করেছে তাকে অপহরণ করা হয়েছিল। এ সময় তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে জানান। তবে বিষয়টি সাজানো বলে মনে হচ্ছে। ছোট ভাইকে ফাঁসাতে তিনি নিজেই নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে। অর্ধেন্দু বড়ুয়ার বড় বোন মিনা বড়ুয়া, বড় ভাই আশেন্দু বড়ুয়া ও ছোট ভাই অমলেন্দু বড়ুয়া জানান, ছোট ভাই সুখেন্দু বড়ুয়ার হামলায় আহত অর্ধেন্দুকে গত ৩ ফেব্রুয়ারি বিকালে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ত্রাসীরা তাকে ‘পকেটমার’ বলে গণপিটুনি দেয়। এরপর তাকে অপহরণ করা হয়।