বিনোদন রিপোর্ট
বেশিরভাগ কাজ দেশের বিভিন্ন জায়গায় শেষ হয়েছে। বাকি শুধু ২০ শতাংশ কাজ। অসম্পূর্ণ কাজ শেষ করতে সবাই এখন দুবাই। গত ১৩ মে দেশটিতে পৌঁছায় আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মিশা সওদাগরসহ প্রায় পুরো টিম। এবার ‘২০ শতাংশ মিশন’ শেষ করার পালা।
মিশন এক্সট্রিমের নির্মাতা ও চিত্রনাট্যকার সানী সানোয়ার বলেন, ‘বাকি কাজটুকু শেষ করতে আমরা এখন দুবাইয়ে। কয়েকদিনের মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে। এরপর শুরু হবে সম্পাদনার কাজ। সব ঠিকঠাকভাবে হলে এ বছরই মিশন এক্সট্রিম মুক্তি পাবে।’ সানী সানোয়ারের সঙ্গে যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ।
ছবিটি প্রসঙ্গে সানী আরো বলেন, ‘ঢাকা অ্যাটাকের চেয়ে এই ছবির ব্যাপকতা রয়েছে। কারণ সেই ছবিতে দর্শক দেখেছেন একজন অসুস্থ মানুষ পরিকল্পনা করে নাশকতা করার চেষ্টা করে। এই কাজটিই যখন একটা প্রতিষ্ঠান করে, তবে সেটা একজন মানুষের চেয়ে অনেকগুণ বড় হয়। মিশন এক্সট্রিম ছবিতে তা-ই দেখা যাবে। অনেক বড় একটি ক্যানভাসে ছবিটি নির্মিত হচ্ছে। আরো বেশি টানটান উত্তেজনা পাবেন দর্শকরা।’
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনিকারও ছিলেন সানী সানোয়ার। নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয়। আর মিশন এক্সট্রিম হতে যাচ্ছে ঢাকা অ্যাটাক টিমের দ্বিতীয় সিনেমা।
