বেতন-ভাতাসহ কয়েকটি দাবি নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কারখানায় আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল ৯টা থেকে নিশ্চিন্তপুরে লিবাস টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা কারখানার মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ করে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিকালে কারখানায় অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক। এরা হলেন, মুন্সীগঞ্জের হলুদিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসান মিয়া (১৮) ও শেরপুরের গান্দিগাঁওয়ের জালাল মিয়ার ছেলে জুলহাস মিয়া (২৬)। সন্ধ্যা ৬টায় গাজীপুর ও কালিয়াকৈর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, প্রতি ঈদে তারা মূল বেতনের ৬০ ভাগ উত্সব বোনাস পেয়ে আসছেন। এবার তাদের ২০ ভাগ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গত তিন মাস যাবত্ ওভারটাইমের কোনো বিল তারা পাননি। তারা ঈদের ছুটি বাড়িয়ে দেয়ার কথা বলে বন্ধের দিনেও কাজ করিয়ে নিচ্ছে। এসবের প্রতিবাদে তারা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। এ নিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে কর্তৃপক্ষ আলোচনায় বসে। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এক পর্যায়ে শ্রমিকরা কারখানার নিচতলায় অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. শওকত কবীর জানান, সকালে শ্রমিকেরা কারখানায় ইট ছুঁড়ে ভাঙচুর চালিয়েছে। পরে কর্মবিরতি পালন করে মূল গেটে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা ওভারটাইমের বিল, উত্সব ভাতা ও জুলাই মাসের বেতনের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে তারা কারখানায় অগ্নিসংযোগ করে এলাকা ত্যাগ করে বলে জানান পরিদর্শক শওকত ।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, কালিয়াকৈর ও গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারাখানার গুদামে থাকা ফেব্রিক্স ও এক্সেসরিজ পুড়ে গেছে। কারখানার নির্বাহী পরিচালক এম এ মান্নান সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবি অযৌক্তিক। তবে পরিবেশ শান্ত রাখার স্বার্থে তাদের সঙ্গে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে শ্রমিকরা কারখানায় অগ্নিসংযোগ করে।
