আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, সশস্ত্র জঙ্গিরা উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলে একটি নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে উভয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যাওয়ায় আটজন জঙ্গি ও দু’জন সৈন্য নিহত হয়। বারা নদীর কাছে নিরাপত্তা ফাঁড়িতে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর সফলভাবে তা প্রতিহত করে। তিনি বলেন, ‘গুলি বিনিময়কালে আট জঙ্গি নিহত হয়। এ সময় দুই সৈন্য শহীদ ও অপর চারজন আহত হন।’ ওই কর্মকর্তা জানান, এ হামলার ঘটনার পর বর্তমানে ওই এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এএফপির খবরে বলা হয়, পাকিস্তানে বিভিন্ন জঙ্গি হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
